দিবাকর ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের বাসিন্দা আমিনুর রহমান আকাশের মরদেহ দাফন করা হয়েছে। ১২ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে নয়টায় গোড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা শেষে গোড়াইল কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
জানাজায় অন্যদের মধ্যে বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. তাজ উদ্দিন সিকদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম, মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আজম মৃধা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. ফরিদ মিয়া ও ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠিনক সম্পাদক আরাফাত ইসলাম অনিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ১১ ডিসেম্বর রাত একটার দিকে আমিনুরের মরদেহ তাঁর গ্রামের বাড়ি পৌছায়। এ সময় বাড়িটিতে কান্নার আহাজারি পড়ে যায়।
আমিনুরের পারিবারিক সূত্র মতে, গত ৫ ডিসেম্বর শুক্রবার স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে ছয়টার মধ্যে দক্ষিন আফ্রিকায় তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা তাঁকে গুলি করলে ঘটনাস্থলেই নিহত হন। ২০০৯ সালে আমিনুর রহমান দক্ষিন আফ্রিকায় যান। সেখানে ব্যবসা শুরু করলে তাঁর ভাই আলমাছ সিদ্দিকীও আফ্রিকাতে যান। মাঝেমধ্যেই তাঁরা দুইজন দেশে আসতেন। আলমাছ বর্তমানে দেশে অবস্থান করছেন। দেশটির লিম্পুপু শহরের মাটিম্বোতে আমিনুর নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। সন্ধায় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাঁর মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর সংবাদ পান। তাঁর পরিবারের মধ্যে অসুস্থ মা, দুই ভাই, দুই বোন ছাড়াও আমিনুরের স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
আমিনুরের পরিবারিক সূত্রটি আরও জানান, আজগানা গ্রামের আসমান মোল্লার ছেলে জাফর আহমেদ আফ্রিকায় আমিনুরের দোকানে চাকুরী করতেন। কয়েক বছর আগে প্রথমে আমিনুর ও পরে আলমাছ বাংলাদেশে বেড়াতে আসেন। এ সময় তাঁদের ব্যবসা দেখার জন্য জাফরকে দায়িত্ব দেন তাঁরা। জাফর সুযোগ বুঝে দোকানের মালামাল বিক্রি করে প্রায় এক কোটি টাকা নিয়ে ২০২৩ সালের ১ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে উধাও হন। খবর পেয়ে আমিনুর আফ্রিকা যান। সেখানে তিনি ঘটনার সত্যতা জানতে পারেন। এ সময় দেশে থাকা আলমাছ বিভিন্ন ভাবে জাফরের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তাঁরা আলমাছের সঙ্গে দুর্ব্যবহার করতেন। এছাড়া টাকা দেয়ার পরিবর্তে উল্টো নানাভাবে হুমকীও দিতেন। পরে এ ঘটনায় আলমাছ বাদী হয়ে টাঙ্গাইলের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জাফরের বিরুদ্ধে মামলা করেন।
তাঁর ভাই আলমাছ সিদ্দিকী বলেন, তাঁদের দোকানের কর্মচারী টাকা নিয়ে পালিয়ে গেছেন। বিষয়টি সুরাহার জন্য আদালতে মামলা করা হয়েছে। থানা-পুলিশও বিষয়টি জানতো। ওই টাকা চাওয়ার জন্য তাঁর ভাইকে হত্যা করা হয়েছে কিনা তাতে সন্দেহ রয়েছে।
মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আজম মৃধা, আমিনুরের মৃত্যু আমাদের মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। একজন প্রানবন্ত যুবক এভাবে চলে যাবে, হত্যার শিকার হবে বিষয়টি খুবই কষ্টকর। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাঁদের শাস্তির আওতায় আনতে হবে।'
আবুল কালাম আজাদ সিদ্দিকী নিহত আমিনুরের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
নিউজটি পোস্ট করেছেন :
দিবাকর
দিবাকর