প্রিন্ট এর তারিখঃ May 31, 2026 || প্রকাশের তারিখঃ Dec 13, 2025
সন্ত্রাসীদের গুলিতে দক্ষিন আফ্রিকায় মুহুর্তেই শেষ আমিনুরের জীবন

দিবাকর ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের বাসিন্দা আমিনুর রহমান আকাশ সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। ৫ ডিসেম্বর শুক্রবার স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে ছয়টার মধ্যে দক্ষিন আফ্রিকায় তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা তাঁকে গুলি করলে ঘটনাস্থলেই নিহত হন।
এলাকাবাসী জানান, ২০০৯ সালে আমিনুর রহমান দক্ষিন আফ্রিকায় যান। সেখানে ব্যবসা শুরু করলে তাঁর ভাই আলমাছ সিদ্দিকীও আফ্রিকাতে যান। মাঝেমধ্যেই তাঁরা দুইজন দেশে আসতেন। আলমাছ বর্তমানে দেশে অবস্থান করছেন। দেশটির লিম্পুপু শহরের মাটিম্বোতে আমিনুর নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। সন্ধায় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাঁর মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর সংবাদ পান। তাঁর পরিবারের মধ্যে অসুস্থ মা, দুই ভাই, দুই বোন ছাড়াও আমিনুরের স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
আমিনুরের পরিবারিক সূত্র জানায়, আজগানা গ্রামের আসমান মোল্লার ছেলে জাফর আহমেদ আফ্রিকায় আমিনুরের দোকানে চাকুরী করতেন। কয়েক বছর আগে প্রথমে আমিনুর ও পরে আলমাছ বাংলাদেশে বেড়াতে আসেন। এ সময় তাঁদের ব্যবসা দেখার জন্য জাফরকে দায়িত্ব দেন তাঁরা। জাফর সুযোগ বুঝে দোকানের মালামাল বিক্রি করে প্রায় এক কোটি টাকা নিয়ে ২০২৩ সালের ১ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে উধাও হন। খবর পেয়ে আমিনুর আফ্রিকা যান। সেখানে তিনি ঘটনার সত্যতা জানতে পারেন। এ সময় দেশে থাকা আলমাছ বিভিন্ন ভাবে জাফরের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তাঁরা আলমাছের সঙ্গে দুর্ব্যবহার করতেন। এছাড়া টাকা দেয়ার পরিবর্তে উল্টো নানাভাবে হুমকীও দিতেন। পরে এ ঘটনায় আলমাছ বাদী হয়ে টাঙ্গাইলের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জাফরের বিরুদ্ধে মামলা করেন।
আলমাছ সিদ্দিকী বলেন, তাঁদের দোকানের কর্মচারী টাকা নিয়ে পালিয়ে গেছেন। বিষয়টি সুরাহার জন্য আদালতে মামলা করা হয়েছে। থানা-পুলিশও বিষয়টি জানতো। ওই টাকা চাওয়ার জন্য তাঁর ভাইকে হত্যা করা হয়েছে কিনা তাতে সন্দেহ রয়েছে।
মুঠোফোনে মির্জাপুর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দক্ষিন আফ্রিকা প্রবাসী মো. মোরশেদ এলাহী অঞ্জন বলেন, আমিনুর রহমান খুবই হাশিখুশি ছিলেন। আফ্রিকাতে কোন অনুষ্ঠান হলে তাঁকে ছাড়া চিন্তাই করা যেতো না। মানুষ মরবে এটাই স্বাভাবিক। তবে তিনি এভাবে মারা যাবেন বিশ্বাস হচ্ছে না।
তাঁর মৃত্যুতে মির্জাপুরের সাবেক সংসদ সদস্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন।
all rights reserved 2025 @ dailydibakar