প্রিন্ট এর তারিখঃ May 31, 2026 || প্রকাশের তারিখঃ Nov 28, 2025
আবুল কালাম আজাদ সিদ্দিকীর সমর্থনে গণমিছিলে জনতার ঢল, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
দিবাকর ডেস্ক
আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীর সমর্থনে গণমিছিল হয়েছে। ২৮ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের এ মিছিল হয়। এতে কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।
আবুল কালাম আজাদ সিদ্দিকী ১৯৯৬ সালেরর ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তিনি বিএনপির শিশু বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্র মতে, গোড়াই ইউনিয়ন বিএনপি আয়োজিত পূর্বনির্ধারিত এ কর্মসূচী উপলক্ষে দলীয় নেতা-কর্মীরা দুপুরের পর থেকেই গোড়াই ফ্লাইওভারের নীচে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে সেখানে জনস্রোতের সৃষ্টি হয়। বিকেল চারটায় আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে গণমিছিল শুরু হয়। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা কালামের সমর্থনে ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন।

বিকেল পৌনে ছয়টায় ফ্লাইওভারের নীচে মিছিলটি শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে আবুল কালাম আজাদ সিদ্দিকী ছাড়াও অন্যদের মধ্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসিন প্রমুখ বক্তৃতা করেন।
আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘নেতা-কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এত বড় গণমিছিল দেখে মনে হচ্ছে মির্জাপুরবাসী বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিতে অধীর আগ্রহে রয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মী ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আমার বিশ্বাস।’
এসময় তিনি দলীয় নেতা-কর্মীদের সজাগ থেকে ধানের শীষের পক্ষে কাজ করতে সবাইকে আহ্বান জানান।
all rights reserved 2025 @ dailydibakar