আন্তর্জাতিক ডেস্ক
গত ৩ নভেম্বর ছিল নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জন্মদিন। তিনি পা রাখলেন ৯৩ বছরে। তাঁর অভিনেত্রী মেয়ে নন্দনা দেব সেন বাবার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগমাখা এক পোস্ট দিয়েছেন ।
নন্দনা পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছিলেন পাঁচটি ছবি। পরিবার–পরিজনের পাশাপাশি একটি ছবিতে অর্থনীতিতে নোবেলজয়ী আরেক বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি ও তাঁর স্ত্রী নোবেলজয়ী এস্থার দুফলো আছেন।
অভিনয় প্রতিভার পাশাপাশি নন্দনা দেব সেন চিত্রনাট্যকার, শিশুসাহিত্যিক ও শিশু অধিকারকর্মী। পরিবারের মানুষের কাছে তিনি আদরের টুম্পা।
বাবা অমর্ত্য সেনকে ৪ নভেম্বর নন্দনা লিখেছিলেন -বাবা,
তোমার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যত ভালো কিছু আমি পেয়েছি যেমন—বইয়ের প্রতি ভালোবাসা, সামাজিক ন্যায়বিচারের প্রতি সমর্থন, শর্ষের তেল, রবীন্দ্রসংগীত, যুক্তি–তর্ক—এর মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো আড্ডার প্রতি তোমার অফুরন্ত ভালোবাসা।
জন্মদিনের অফুরান আড্ডা, রোদ্দুরে হাসতে হাসতে একসঙ্গে সময় কাটানোর সেই মুহূর্তগুলো বারবার আসুক। তোমাকে ভালোবাসি।
তোমার
টুম্পা।